আখেরি মোনাজাতে শেষ হলো রংপুরে তিন দিনব্যাপী দাওয়াতি ও তালিমি ইজতেমা
রংপুর সদরের সেন্টারহাট দাওয়াহ মাদ্রাসায় আয়োজিত এই বিভাগীয় ইজতেমায় দেশি-বিদেশি বরেণ্য আলেম ও হাজারো মুসল্লি অংশ নেন।
- আপলোড সময় : ২১-১১-২০২৬ ১২:৫১:৫৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-১১-২০২৬ ১২:৫৬:২০ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৭৮ বার পঠিত
ছবি : প্রতিনিধি
হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণ, দোয়া ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রংপুরের সেন্টারহাট দাওয়াহ মাদ্রাসায় তিন দিনব্যাপী বিভাগীয় দাওয়াতি ও তালিমি ইজতেমা–২০২৬ সমাপ্ত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটে। রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের সেন্টারহাট এলাকার খারুয়াবাধা, সরকারপাড়ায় অবস্থিত নওমুসলিম মার্কাজ মা'হাদুদ দাওয়াহ আল ইসলামিয়া রংপুর (দাওয়াহ মাদ্রাসা) প্রাঙ্গণে ১৯ নভেম্বর শুরু হওয়া এ ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।
তিন দিনব্যাপী এ আয়োজনে বিদেশি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার দাঈ মাওলানা উসামা। দেশবরেণ্য আলেম ও দাঈদের মধ্যে অংশগ্রহণ করেন বাংলাদেশ বেফাক বোর্ডের মহাসচিব আল্লামা মাহফুজুল হক, জামিয়া রহমানিয়া আরাবিয়ার শিক্ষক মুফতি মাহবুবুল হক, মাওলানা নুরুল ইসলাম (সিলেটি হুজুর) এবং রংপুরের জুম্মাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইদ্রিস আহমদসহ আরও অনেকে।
ইজতেমায় দ্বীনি আলোচনা, আত্মশুদ্ধিমূলক নসিহত, নওমুসলিমদের ইসলাম গ্রহণ ও ইসলামী জীবনযাপনের অভিজ্ঞতা এবং বিভিন্ন দাওয়াতি কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশে খ্রিষ্টান মিশনারিদের কার্যক্রম এবং এ বিষয়ে দাওয়াতি করণীয় নিয়েও আলোচনা করেন বক্তারা।
ইজতেমায় অংশগ্রহণকারী এক মুসল্লি জানান, তিনি গতবারের ইজতেমাতেও অংশ নিয়েছিলেন এবং এবারও এসেছেন। তাঁর ভাষায়, “গতানুগতিক মাহফিলের তুলনায় এ ধরনের তালিমি ইজতেমায় অংশ নিলে সারা বছরের জন্য দ্বীনি পাথেয় নিয়ে ঘরে ফেরা যায়। আল্লাহর ইবাদতের স্বাদও উপলব্ধি করা যায়।”
আরেক মুসল্লি বলেন, “এই মজলিসের সবচেয়ে বড় ফায়দা হলো, তিন দিন ধরে কোরআন ও দ্বীন শেখা, দোয়া, জিকির-আজকার এবং আত্মশুদ্ধির সুযোগ পাওয়া। এখানে ধারাবাহিক আলোচনার মাধ্যমে এমন অনেক মাসআলা-মাসায়েল শেখা যায়, যা সাধারণত প্রচলিত ওয়াজ মাহফিলে বিস্তারিতভাবে আলোচনা করা হয় না।”
বিশ্ববিখ্যাত দাঈ মাওলানা কালিম সিদ্দিকী (দা.বা.)-এর বিশিষ্ট খলিফা ও উপমহাদেশের প্রখ্যাত দাঈ মুফতি যুবায়ের আহমাদ হাফিযাহুল্লাহর দোয়ার মাধ্যমে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে মুসল্লিরা নিজেদের গুনাহ মাফ, ঈমানের হেফাজত, হেদায়েত, দেশ ও জাতির শান্তি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। এ সময় অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়।
আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, এই আয়োজন কে আল্লাহ তাআলা রংপুর সহ সারা বিশ্বের মানুষের হিদায়াত এর মাধ্যম বানিয়ে দিন আমিন
খুব মিস করলাম এবারের তালিমি ইজতেমা