জেনে নিন মৃত ব্যক্তির জন্য ঈসালে সওয়াব সম্পর্কে (পর্ব-১)
মৃত ব্যক্তির মাগফিরাত কামনায় ঈসালে সওয়াব
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৭:২০:২৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৭:২০:২৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৭ বার পঠিত
প্রতীকী ছবি- ( সংগৃহীত)
সংগৃহীত ও পরিমার্জিত : মাসিক আল কাউসার
মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান
‘ঈসালে সওয়াব’ ফারসী শব্দ। আরবীতে হবে ‘ঈসালুস সাওয়াব’ (তবে এ ক্ষেত্রে আরবীতে অন্য শব্দ বেশি ব্যবহৃত হয় যেমন ‘ইহদাউস সাওয়াব’)। এর আভিধানিক অর্থ হলো সওয়াব পৌঁছানো। পরিভাষায় ঈসালে সওয়াব হলো কোনো নেক আমল করে এর সওয়াব মৃত ব্যক্তিকে দান করা।
#ঈসালে_সওয়াবের_প্রেরণা
কষ্টার্জিত আমলের সওয়াব যে কাউকে দান করা হয় না। এ সাধারণত তাকেই দান করা হয় যার প্রতি মহব্বত ও আন্তরিকতা আছে। প্রিয়জন আখিরাতের পথিক হয়ে গেলে তার জন্য এমন কিছু করা মানুষের স্বভাবজাত আগ্রহ, যা তার শান্তি-সফলতার পক্ষে সহায়ক হবে, তার জন্য আল্লাহর রহমত ও করুণার উপায় হবে। ফলে আল্লাহ মৃত ব্যক্তির গুনাহ মাফ করে দিবেন, মর্যাদা উঁচু করবেন এবং সুখে-শান্তিতে ভরিয়ে তুলবেন।
এই মহব্বতের একটি অনুষঙ্গ হলো আত্মীয়তা। আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ঈমান, সৎকর্ম ও সদ্ব্যবহার। এজন্য পিতা-মাতা, দাদা-দাদি প্রমুখের জন্য যেমন ঈসালে সওয়াব করা হয়, তেমনি উস্তাদ-মুরব্বী, আলেম-উলামা, ওলী-বুযুর্গ ও নবী-রাসূলগণের জন্যও করা হয়; বরং ঈমান, সৎকর্ম ও সদাচারে যারা অগ্রগামী তাদের জন্যই বেশি ঈসালে সওয়াব করা হয়।
এ কারণে সবার গুরুত্ব ও মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়া উচিত ঈমান, সৎকর্ম ও উত্তম আচার-ব্যবহারে অগ্রগামিতা এবং তা অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা।
মূল বিষয়টি সম্পূর্ণ স্বীকৃত
জীবিতদের দান করা আমল মৃতদের জন্য কল্যাণকর হওয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কাছে একটি স্বীকৃত বিষয়। মৌলিক দিক থেকে তাদের মধ্যে এ ব্যাপারে কোনো মতভেদ নেই; মতভেদ শুধু বিস্তারিত ব্যাখ্যার ক্ষেত্রে। তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু মুতাযিলা সম্প্রদায় তা অস্বীকার করেছে। এদের মতে জীবিতদের দান করা কোনো আমলই মৃত ব্যক্তির জন্য কল্যাণকর নয়, দুআ-ইস্তিগফার ও সদাকাও নয়।
এই দৃষ্টিভঙ্গি স্পষ্ট কুরআন, সুন্নাহ ও উম্মাহর ইজমা-বিরুদ্ধ। এজন্য এর উপর কোনো মন্তব্য না করে সরাসরি ঈসালে সওয়াবের পদ্ধতিগুলো আলোচনা করা হলো।
(পরের পর্ব দ্রষ্টব্য)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।