আকস্মিক ওয়াশিংটন সফরে ইসরায়েলের গোয়েন্দা প্রধান
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর বিষয়ে নেতানিয়াহুর চাপের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান।
- আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৯:২৪:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৯:২৪:৫১ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৪৩ বার পঠিত
ছবি: সংগৃহীত
ইরান ইস্যুতে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের রোমান গোফম্যান ওয়াশিংটনে পৌঁছেছেন। বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুনরায় শুরু করার জন্য চাপ দিচ্ছেন।
‘অ্যাক্সিওস’-এর প্রতিবেদন অনুযায়ী, এই বিষয়ে অবগত তিনটি সূত্রের বরাতে জানা গেছে, ইরানবিরোধী আক্রমণ পুনরায় শুরু করার জন্য ট্রাম্পকে রাজি করানোর প্রচেষ্টার অংশ হিসেবেই নেতানিয়াহু গোফম্যানকে ওয়াশিংটনে পাঠিয়েছেন। অ্যাক্সিওসের তথ্যমতে, শুক্রবার গোফম্যান সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার জন্য তার মায়ামিতে যাওয়ার কথা রয়েছে।
উইটকফ সম্প্রতি মস্কো থেকে ফিরেছেন, সেখানে তিনি এবং অপর দূত জ্যারেড কুশনার ইউক্রেন যুদ্ধে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যদিও মোসাদ সিআইএ এবং হোয়াইট হাউস কোনো পক্ষই গোফম্যানের এই সফর নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
মার্কিন-ইরান আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই আলোচনার আয়োজন করা হয়েছে, যদিও ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন, কূটনৈতিক প্রচেষ্টা এখনো পুরোপুরি ব্যর্থ হয়নি। বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তেহরানের সঙ্গে আলোচনা থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের যেসব শহর ও অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটরা ক্ষমতায় রয়েছে, সেখানকার পরিস্থিতির দিকে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। তাদের অর্থ শত শত বিলিয়ন ডলার এখন আমাদের হাতে, হরমুজ প্রণালি আমাদের প্রণালি আমাদের নিয়ন্ত্রণে। এই বিষয়টি নজরে আনার জন্য ধন্যবাদ।
এই অনিশ্চয়তার মধ্যেই ইসরায়েল ২৭ অক্টোবরের নির্বাচনের পর রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হয়েছে। অন্যদিকে রিপাবলিকানরাও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের ধাক্কা সামলাচ্ছে। ‘ওয়াইনেট’-এর সামরিক বিশ্লেষক ইয়োসি ইহোশুয়া শুক্রবার জানিয়েছেন, ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ ইরানকে কেন্দ্র করে বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে সামরিক কর্মকর্তারা চাইছেন, যদি কোনো নতুন সামরিক অভিযান শুরু করতেই হয়, তবে তা এককভাবে না করে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে করা হোক। তারা এমন অভিযানের ক্ষেত্রে কেবল অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নয়, বরং ব্যাপক রাজনৈতিক সমর্থনের পক্ষেও মত দিয়েছেন।
প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, বর্তমানে ইরানে হামলা চালানোর মতো কোনো জরুরি সামরিক প্রয়োজনীয়তা নেই। ওয়াইনেট-এর সামরিক বিশ্লেষক রন বেন-ইশাই জানিয়েছেন, ইসরায়েলি বা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এমন কোনো তথ্য নেই যা থেকে বোঝা যায়, ইরানের কাছে বর্তমানে এমন কোনো অস্ত্র বা সক্ষমতা রয়েছে যা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে।
এছাড়া এ ধরনের কোনো অস্ত্র বা ব্যবস্থা সক্রিয়ভাবে তৈরি বা উৎপাদনের কোনো প্রমাণও তাদের কাছে নেই। এর আগে ইরানের কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি’ থেকে বেরিয়ে আসার এবং পারমাণবিক বোমা তৈরির লক্ষ্যে নিজেদের পারমাণবিক নীতি পরিবর্তনের সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন।
বেন-ইশাইয়ের মতে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যিনি এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন। তিনি নীতিগতভাবে এতে অনুমোদন দিয়েছেন বলে মনে করা হয়। যদিও বাস্তবে এ ক্ষেত্রে খুব সামান্যই অগ্রগতি হয়েছে। তার মূল্যায়ন হলো, ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়ে যায়নি, বরং তা কেবল স্থগিত রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।