ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, ভ্যান্সকে অভ্যন্তরীণ দুর্নীতিতে নজর দিতে বললেন ট্রাম্প
ডেমোক্র্যাটশাসিত শহরগুলোর অপরাধ ও দুর্নীতি দমনে মনোযোগ দিতে ভাইস প্রেসিডেন্টকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তবে ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সকে নেতৃত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন তিনি।
- আপলোড সময় : ১২-১১-২০২৬ ১০:০৪:০৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১১-২০২৬ ১০:০৪:০৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
ছবি—সংগৃহীত
ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরান ইস্যু থেকে মনোযোগ সরিয়ে ডেমোক্র্যাটশাসিত শহরগুলোর অপরাধ ও দুর্নীতি দমনে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। পোস্টে তিনি দাবি করেন, ডেমোক্র্যাটশাসিত মার্কিন শহরগুলোতে অপরাধ ও দুর্নীতি বন্ধ করা গেলে যুক্তরাষ্ট্রের বাজেট দ্রুত ভারসাম্যে আনা সম্ভব। ডেমোক্র্যাট নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন তিনি।
ইরানের সঙ্গে চুক্তির প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। তাদের শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে রয়েছে, পাশাপাশি তাদের প্রণালিটিও আমাদের নিয়ন্ত্রণে।’
ইরানের সঙ্গে সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান থেকে কিছুটা সরে আসেন তিনি।
ভ্যান্স প্রশ্ন তোলেন, এই যুদ্ধের ব্যয় বহন করা আদৌ যৌক্তিক কি না। রিপাবলিকানদের নির্বাচনি বিপর্যয়ের পেছনে ইরান যুদ্ধকে দায়ী করেন তিনি। যুদ্ধ শেষ করার বিষয়ে আগে দেওয়া একটি পরামর্শকে ‘যৌক্তিক পরামর্শ’ বলেও উল্লেখ করেন ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আলোচিত এই ভাইস প্রেসিডেন্ট।
এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে সমাধানের পথ খুঁজতে দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি বৈঠকের বিষয়টি বিবেচনা করছেন জেডি ভ্যান্স।
মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি তাঁর সহযোগী ও বিদেশি অংশীদারদের জানিয়েছেন, তেহরানের সঙ্গে নতুন করে আলোচনায় ভ্যান্সকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে আগ্রহী তিনি। এ ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর দায়িত্বও ভাইস প্রেসিডেন্টকে দিতে পারেন ট্রাম্প।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।