‘নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে’: কংগ্রেস নেতা
ভোটাধিকার ও নির্বাচন কমিশন ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে বেণুগোপালের অভিযোগ
- আপলোড সময় : ১১-১০-২০২৬ ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৬ ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৪ বার পঠিত
ছবি সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বলে মন্তব্য করেছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মোদি সরকারের বিরুদ্ধে এ মন্তব্য করেন।
দেশজুড়ে ভোটাধিকার রক্ষা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে রোববার (১১ অক্টোবর) সরকারের বিরুদ্ধে সরব হন কংগ্রেসের এই জ্যেষ্ঠ নেতা।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনের মধ্যে সরকার বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
কে সি বেণুগোপালের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধান নির্বাচন কমিশনারকে আড়াল করার চেষ্টা করছেন। তবে এসব পদক্ষেপে সরকারের শেষ রক্ষা হবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, সরকারের এই অবস্থানই একসময় পতনের কারণ হয়ে দাঁড়াবে।
বেণুগোপাল আরও বলেন, মোদি সরকার বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ আন্দোলনকে ভয় পায়। এ কারণেই দিল্লি ও মুম্বাইসহ বিভিন্ন এলাকায় মেট্রো স্টেশন বন্ধ রাখা, কঠোর পুলিশি নিরাপত্তা এবং আটকের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে আগামী সোমবার (১২ অক্টোবর) দিল্লিতে বড় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ‘ইন্ডিয়া’ জোট। এর আগে বিরোধী নেতারা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, একই দাবিতে সোমবার জোটের শীর্ষ নেতাদের ভারতের প্রধান বিচারপতির (সিজেআই) সঙ্গে সাক্ষাতেরও কর্মসূচি রয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কে সি বেণুগোপাল।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।