সৌদিতে হুথিদের হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
রিয়াদ বিমানবন্দরে তৃতীয় হামলা, সাময়িক বন্ধ সব ফ্লাইট; জবাব দেওয়ার অঙ্গীকার সৌদি জোটের
- আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৮:৩০:১৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৮:৩০:১৮ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৩ বার পঠিত
ছবি সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন। শনিবার (১০ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষ হতাহতের এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাসেবায় ব্যাপক চাপ তৈরি হয়।
চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে এটি হুথিদের তৃতীয় হামলা। এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এবং দেশটির সতর্কীকরণ ব্যবস্থাও কোনো সংকেত দেয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে বিমানবন্দরে হুথিদের দুটি হামলায় চারজন নিহত হন। এ ছাড়া রানওয়েতে দাঁড়িয়ে থাকা সৌদি আরবের একটি বাণিজ্যিক উড়োজাহাজ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
হুথিদের হামলার জবাবে ইয়েমেনে গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। স্থলযুদ্ধে ইয়েমেন সরকারের বাহিনীকে সহায়তা করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, হামলার জবাব দেওয়া হবে। সৌদি আরব ও ইয়েমেন সরকারের দাবি, হুথি নিয়ন্ত্রিত এলাকায় তারা শত শত হামলা চালিয়েছে। তবে হুথিদের দাবি, এসব অভিযানে নারী ও শিশুসহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তাদের এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
নিরাপত্তার কারণে শনিবার রিয়াদগামী সব ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়। প্রায় ৮০ লাখ মানুষের শহরটির প্রধান বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুথিদের গণমাধ্যম কার্যালয়ের প্রধান দাবি করেন, তারা রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছেন। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার গত সোমবার হুথিদের বিরুদ্ধে অভিযান শুরুর পর সৌদি আকাশসীমাকে সামরিক অভিযানের এলাকা ঘোষণা করে গোষ্ঠীটি। একই সঙ্গে বাণিজ্যিক উড়োজাহাজগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানায় তারা।
এদিকে, হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন বিষয়টি বিবেচনা করতে পারে। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি জানান, সাম্প্রতিক হামলার খবর পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, এ হামলা নিরীহ বেসামরিক মানুষের জীবনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।