দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাদুরিয়া গ্রামে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় গ্রামের একটি মুদি দোকানের সামনে হঠাৎ শিয়ালটি এসে একের পর এক কয়েকজনকে কামড় দিলে তারা আহত হন। পরে তাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন শেফালী (৩০), শিউলি (২৭), দেবাশীষ (৪৩), ডলি (৩০), ইয়াসিন আরাফাত (১১), সুফিয়ান (৩৯), মমতাজ (৫৫) ও রাহুল (৯)। তাদের সবার বাড়ি সাদুরিয়া গ্রামে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন গ্রামের একটি মুদি দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় একটি শিয়াল ধানক্ষেত থেকে ছুটে এসে সেখানে থাকা লোকজনের ওপর হামলা চালায়। পরে শিয়ালটি কয়েকজনকে কামড় দেয়। স্থানীয়রা সেটিকে থামানোর চেষ্টা করলে তাদের মধ্য থেকেও কয়েকজন আক্রান্ত হন। এতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভির হাসনাত রবিন জানান, সোমবার রাত ১০টার দিকে শিয়ালের কামড়ে আহত ৯ জন জরুরি বিভাগে আসেন। তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সবাই সুস্থ রয়েছেন।