কুড়িগ্রামের উলিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই ভারতীয় নাগরিকের শরীরে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে তাদের মধ্যে পেটে গুলিবিদ্ধ একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আহতরা হলেন ভারতের আসাম রাজ্যের দক্ষিণ শালমারা মানকাচর জেলার বড় বালু এলাকার বাসিন্দা রাজমিস্ত্রি ইসমাইল হোসেন ও আব্দুল আলীম।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৪ অক্টোবর) রাতে কুড়িগ্রামের উলিপুর সীমান্ত এলাকায় গরু চোরাচালানের সময় ভারতীয় সীমান্তের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। এ সময় তাদের বাংলাদেশি চোরাকারবারি সন্দেহ করে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে নৌকায় করে তাদের বাংলাদেশ সীমান্তের জিরো লাইনের কাছে এনে গুলি চালিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়।
পরে স্থানীয় বাংলাদেশি জনগণ ও মাঝিদের সহায়তায় আহত দুজনকে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রংপুর ডিবি পুলিশের সহযোগিতায় তাদের হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা শুরু হয়।
আহত ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, তিনি আসামের দক্ষিণ শালমারা মানকাচর এলাকার বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি। বাড়ির মহিষ বাঁধতে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা তাকে বাংলাদেশ থেকে এসেছেন বলে সন্দেহ করেন। তিনি ভারতীয় নাগরিক পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন ইসমাইল। পরে নৌকায় করে সীমান্তের কাছে নিয়ে তাকে গুলি করা হয় বলেও দাবি করেন তিনি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল হাদি জানান, রোববার গভীর রাতে সার্জারি ইউনিট-২-এ দুই গুলিবিদ্ধ রোগীকে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের পেটের লাম্বার অঞ্চলে একাধিক স্প্লিন্টার ও ক্ষত রয়েছে। এছাড়া তার পাঁজরের হাড় ভেঙে গেছে এবং পেটে প্রচণ্ড ব্যথা ও ফোলাভাব রয়েছে। এসব কারণে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে স্যালাইন, অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ভারতীয় ভূখণ্ডের ভেতরে বিএসএফের গুলিতে আহত হওয়ার পর ওই দুই নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। স্থানীয় জনগণ ও পুলিশের সহযোগিতায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা শরীর থেকে গুলির স্প্লিন্টার অপসারণসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেছেন। মানবিক দিক বিবেচনায় তাদের বিনামূল্যে ওষুধ ও সব ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা দেওয়া হচ্ছে এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতের চেষ্টা চলছে।
উলিপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয়ের অস্ত্রোপচার
পেটে গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক, বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে রামেক
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৮:৩৬:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৮:৩৬:৪৭ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৩ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর