স্বাস্থ্য অধিদপ্তরে প্রায় ১০ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি আসছে ডিসেম্বরে
৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্টসহ বিভিন্ন পদে নিয়োগের পরিকল্পনা, শূন্য পদের তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তর
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:৩৬:৫০ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:৩৬:৫০ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১১ বার পঠিত
ছবি—সংগৃহীত
দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করতে প্রায় ১০ হাজার পদে জনবল নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হতে পারে। চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসব পদসহ বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটির কারণে অসংগতি রয়েছে। এ কারণে শূন্য পদের সঠিক সংখ্যা নির্ধারণ করতে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বাসসকে বলেন, শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য পাওয়ার পর একত্র করে নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান, হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
এদিকে জেলা পর্যায়েও স্বাস্থ্য সহকারী নিয়োগের কার্যক্রম চলছে। কিছু এলাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আবার কোথাও তা এখনো চলমান। তবে কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় নিয়োগ কার্যক্রম শেষ করতে কিছুটা সময় লাগছে।
সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদগুলোর জন্য বিশেষ নিয়োগ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক রুমি। কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, নিয়োগ কমিটি পরীক্ষার নীতিমালা নির্ধারণ করবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মানদণ্ড অনুসরণ করা হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।