সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধায় আফজাল খান ওরফে মমিন (৫৫) নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। রোববার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়া এলাকার নিজ বাড়ি ‘ভাই-বোন ভিলা’ থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৫ অক্টোবর) রাতে এসআরবি-১৩ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আফজাল বাংলাদেশ সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও পদবি ব্যবহার করতেন। একই সঙ্গে ওই কর্মকর্তার ইউনিফর্ম পরিহিত ছবিও ব্যবহার করে নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। প্রতারণার কাজে তিনি অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। রংপুর ও ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থানরত ব্যক্তিদের টার্গেট করে তিনি এভাবে যোগাযোগ করতেন বলে জানিয়েছে এসআরবি-১৩।
অভিযোগ রয়েছে, আফজাল সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে অর্থ দাবি ও গ্রহণ করতেন। চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমেও তিনি প্রতারণা করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযান চালিয়ে তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়। এসব ডিভাইস ও সিমকার্ডের মাধ্যমে প্রতারণার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হতো বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসআরবি-১৩ জানায়, গ্রেফতার আফজাল খান এবং তার কাছ থেকে জব্দ করা আলামত গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করা হয়েছে। প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
সেনা কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১
সেনাবাহিনীর কর্মকর্তা ও ইউনিফর্মের ছবি ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৮:২৯:৩৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৮:২৯:৩৭ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৬ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর