রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা
জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ ও যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৮:১১:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৮:১১:৫১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৮ বার পঠিত
ছবি সংগৃহিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বঙ্গভবনে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সফরকালে জাতিসংঘের মহাসচিব, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকগুলোর বিষয়ও তুলে ধরেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের জন্য রাষ্ট্রপতি তাঁকে অভিনন্দন জানান। তিনি ভাষণটিকে দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রপতির মতে, ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশার প্রতিফলনের পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরা হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুসংহত করার পাশাপাশি জনস্বার্থ রক্ষা এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারে ভূমিকা রেখেছে।
এ সময় জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়। বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেসসচিবসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেওয়া হয়।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম সাক্ষাৎ।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর