টাঙ্গাইলের মধুপুরে চুরির অভিযোগে জিহাদ নামে আট বছরের এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে দোকানদার মফেজ উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের গুবোদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার রাতে মধুপুর থানায় মামলাটি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা-মা তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে সে নানা-নানির কাছে থাকে।
স্থানীয়দের অভিযোগ, জিহাদ এলাকার মফেজ উদ্দিনের দোকানে গেলে টাকা চুরির অভিযোগে তাকে মারধর করা হয়। একপর্যায়ে শিশুটিকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। খবর পেয়ে শিশুটির নানা গ্রামবাসীর সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, শিশুটির নানা মফিজুল ইসলাম বাদী হয়ে মফেজ উদ্দিনকে আসামি করে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।