ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যটিতে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয় জানায়, বিস্তীর্ণ এলাকায় রেকর্ড অতিভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। এতে ৫৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ কোটিরও বেশি মানুষের বসবাস উত্তর প্রদেশে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে রাজ্যটিতে ভারী বৃষ্টি ও ঝড় হয়।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ স্থলভাগে প্রবেশের পর উত্তর প্রদেশসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা বেড়ে যায়। সরকারি হিসাবে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ সময়ে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭ দশমিক ৬ মিলিমিটার।
ভারতের আবহাওয়া দপ্তর সাম্প্রতিক বছরগুলোতে বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়ার ঘটনা বাড়ার বিষয়ে সতর্ক করে আসছে। পরিবেশ বিশেষজ্ঞদের কেউ কেউ এসব ঘটনার সঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের সম্পর্ক রয়েছে বলে মনে করছেন।