হবিগঞ্জের নবীগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যার মামলায় খলিল উদ্দিন ও মো. গোলাম হোসেন নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত খলিল উদ্দিন ও মো. গোলাম হোসেন নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের হরিনগর গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রেমের সম্পর্কের সূত্র ধরে খলিল উদ্দিন ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। বিষয়টি দেখে গোলাম হোসেনও তরুণীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুজন মিলে তরুণীকে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
মামলার নথি ও রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে খলিল উদ্দিনের সঙ্গে ওই তরুণীর শারীরিক সম্পর্ক হয়। এ সময় বিষয়টি দেখে ফেলেন গোলাম হোসেন। পরে তিনি তরুণীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা করেন।
এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ এবং উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রোববার আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আদালতের রায়ে তারা সন্তুষ্ট।