চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে হাত হারানো শিশু রাহাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। একই ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন মিন্টু নামে এক ব্যক্তিরও ঘটনাস্থলে মৃত্যু হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাহাতের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিনহাজ উদ্দিন রাহাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।
এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে রাহাতের একটি হাত কাটা পড়ে এবং পায়েও গুরুতর জখম হয়।
রাহাতকে বাঁচাতে মিন্টু রেললাইনে ঝাঁপ দিলে তিনিও ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। রাহাত তখন প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার মো. ফারুকের ছেলে। অন্যদিকে মিন্টু পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন বলে জানা গেছে।