ঢাকার পানিসংকট নিরসনে ডেনমার্কের সহায়তা
সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে সাড়ে ৪ হাজার কোটি টাকা অর্থায়নের আলোচনা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০১:৪৮:১২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০১:৪৮:১২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৪ বার পঠিত
ছবি সংগৃহিত
ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও পানিসংকট মোকাবেলায় ডেনমার্কের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং উন্নয়ন প্রকল্পে ডেনমার্কের সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ডেনমার্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশের পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে ডেনমার্কের অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগানো যেতে পারে। বিশেষ করে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও ডেনমার্কের বিনিয়োগের সুযোগ রয়েছে।
বৈঠকে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। প্রকল্পটিতে ডেনমার্ক সরকারের পক্ষ থেকে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা অর্থায়নের কথা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং ৩ হাজার কোটি টাকা স্বল্পসুদে ঋণ হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকায় বিশুদ্ধ পানির ক্রমবর্ধমান চাহিদা পূরণে চাপ অনেকটাই কমবে।
তিনি আরও বলেন, ডেনমার্কের অর্থায়নের কারণে প্রকল্পটি বাস্তবায়নে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ পড়বে না।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর