ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

যানজট নিয়ন্ত্রণে ঢাকায় এবার ড্রোন নজরদারি

রিয়েল-টাইম ট্রাফিক তথ্য সংগ্রহের পাশাপাশি এএনপিআর যুক্ত করে ভিডিও মামলা দেওয়ার পরিকল্পনা ডিএমপির
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৩:১২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৩:১২:৩৩ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১১৮ বার পঠিত
যানজট নিয়ন্ত্রণে ঢাকায় এবার ড্রোন নজরদারি ছবি: সংগৃহীত

রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরার পাশাপাশি ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিকভাবে একটি ড্রোন পরীক্ষামূলকভাবে ব্যবহার করে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় রিয়েল-টাইম তথ্য সংগ্রহ করা হবে। ভবিষ্যতে ড্রোনে অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন (এএনপিআর) প্রযুক্তি যুক্ত করে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ভিডিও মামলা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
 

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, সড়কের পাশাপাশি ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও অনেক সময় যানজট তৈরি হয়, যার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা কঠিন। ড্রোনের মাধ্যমে ওপর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা গেলে দ্রুত কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া সহজ হবে।
 

পরিকল্পনা অনুযায়ী, ড্রোনে ভয়েস বা শব্দ ব্যবস্থাও রাখা হবে। কোনো যানবাহন সড়কে অস্বাভাবিকভাবে অবস্থান করে যানজট সৃষ্টি করলে ড্রোনের মাধ্যমে চালককে সরে যাওয়ার জন্য সতর্ক করা সম্ভব হবে। একই সঙ্গে বিভিন্ন সড়কের ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক তথ্য পাওয়া যাবে।
 

তবে ড্রোন থেকে পাওয়া ফুটেজের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়ার ব্যবস্থা এখনো চালু হচ্ছে না। ডিএমপি কর্মকর্তারা জানিয়েছেন, প্রযুক্তির মাধ্যমে মামলা দেওয়ার সুযোগ থাকলেও ভুল বা অনিয়মের ঝুঁকি এড়াতে প্রাথমিক পর্যায়ে ফুটেজ বিশ্লেষণ করে এরপর মামলা করার পরিকল্পনা রয়েছে।
 

ড্রোন ব্যবস্থাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। একটি প্রতিষ্ঠান পরীক্ষার জন্য ডিএমপিকে একটি ড্রোন দিয়েছে এবং সেটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সফল হলে মাঠপর্যায়ে এর ব্যবহার শুরু করার পরিকল্পনা রয়েছে। ড্রোন থেকে সরাসরি রিয়েল-টাইম ডেটা পেতে ইন্টারনেট, সার্ভার ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
 

রাজধানীর যানজটের অন্যতম কারণ হিসেবে অনিয়ন্ত্রিত বাস চলাচলের কথাও উল্লেখ করেন আনিছুর রহমান। তাঁর মতে, নির্দিষ্ট বাসস্টপে না থেমে যত্রতত্র যাত্রী ওঠানামা করানোর ফলে পেছনের সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। বাসের মধ্যে যাত্রী পাওয়ার প্রতিযোগিতাও এ সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। এ পরিস্থিতি বদলাতে ই-টিকিটিং ও বাস রুট রেশনালাইজেশন কার্যকরভাবে বাস্তবায়নের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।
 

ডিএমপি এরই মধ্যে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। শাহবাগসহ রাজধানীর ১৫টি ট্রাফিক সিগন্যাল এআই প্রযুক্তির আওতায় আনা হয়েছে। একই সঙ্গে আরও অনেক সিগন্যালকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার আওতায় আনার কাজ চলছে। গত জুলাইয়ে ডিএমপি জানিয়েছিল, ধাপে ধাপে রাজধানীর ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালুর পরিকল্পনা রয়েছে।
 

ড্রোন পরিচালনার জন্য ট্রাফিক পুলিশের সদস্যদের প্রশিক্ষণও শুরু হয়েছে। প্রথম ধাপে তেজগাঁও বিভাগের একটি দল প্রশিক্ষণ নিয়েছে এবং পরবর্তী ধাপে উত্তরা বিভাগের সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।
 

আনিছুর রহমান বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহারের মূল উদ্দেশ্য বেশি মামলা করা নয়; বরং মানুষকে সড়ক আইন মেনে চলতে অভ্যস্ত করা। ড্রোন ব্যবস্থাটি পরীক্ষার পর এর কার্যকারিতা ও সম্ভাব্য নেতিবাচক দিক মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।