ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) , ২৫ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি র‌্যাব নাম পরিবর্তন হয়ে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে দেড় হাজার মসজিদ থেকে মাইক অপসারণ থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে শিক্ষক নিহত, হামলাকারীর আত্মহত্যা হামলা চালালে মধ্যপ্রাচ্যে ব্ল্যাকআউটের কঠোর হুঁশিয়ারি ইরানের ভিআইপিদেরও বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে ছাড় দেওয়া হবে না: মন্ত্রী বিদেশের কারাগারে দক্ষিণ কোরিয়ার বন্দি ২৫ শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত বায়তুল মোকাররমে জুমার বয়ান ও নামাজ পড়াবেন দেওবন্দের মুহতামিম রিপাবলিক বাংলা ছাড়লেন জনপ্রিয় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভুল তথ্যে শোন অ্যারেস্ট আবেদন, বরগুনার এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশের পথচলার কেন্দ্র হবে: ড. ইউনূস সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে সৌদির বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর হাসপাতালে হামলায় ছাত্রদল ও ছাত্রলীগের আচরণ ইসরায়েলের মতো: সাদিক আল-আকসা দখলের পথে ইসরায়েলীরা,হাতছাড়ার ঝুঁকিতে জরুরি বৈঠক জর্ডানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুঁসে উঠেছে তিস্তা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের আজ বিক্ষোভ রাশিয়ায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হয়েছে: কিয়েভ

লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক তিন ভারতীয় নাগরিক

ভুলবশত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ এবং রাজনৈতিক ভীতির কারণে পালিয়ে আসা তিন ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১২:০৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১২:০৬:৩৫ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৮৫ বার পঠিত
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক তিন ভারতীয় নাগরিক ছবি: সংগৃহীত
লালমনিরহাটের দীঘলটারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক নারীসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসী। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে ওই তিন ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে ভারতে ফেরত দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে লালমনিরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।
 
আটক ওই ভারতীয় নাগরিকেরা হলেন ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিতালদহ (দরিবাস) গ্রামের মো. হামেদ আলীর স্ত্রী মোছা. হোসনেয়ারা বেগম (৪৬), তার ছেলে মো. জাহিদ হোসেন (২৭) এবং একই এলাকার শ্রী রাজেশ্বর বর্মনের ছেলে শ্রী অর্জুন বর্মন (৩০)।
 
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক আটটার দিকে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন দিঘলটারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯২৬ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিঘলটারী নামক স্থানে মোছা. হোসনেয়ারা বেগম অবৈধভাবে প্রবেশ করেন। তিনি মূলত বাংলাদেশে গরু বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন। এ সময় দিঘলটারী বিওপির একটি টহল দল তাকে আটক করে। তার কাছ থেকে একটি গাভি ও দুটি বকনা বাছুরসহ মোট তিনটি গরু জব্দ করা হয়।
 
পরে ওই দিন দুপুর দেড়টার দিকে হোসনেয়ারা বেগমকে খুঁজতে তার ছেলে জাহিদ হোসেন এবং স্থানীয় আরেক বাসিন্দা শ্রী অর্জুন বর্মন অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ওই এলাকার বাংলাদেশিরা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।
 
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রানা মিয়া জানান, সকালে এক নারী তিনটি গরু নিয়ে বাংলাদেশে ঢুকে পড়লে বিজিবি তাকে আটক করে। পরে আরও দুই ভারতীয় নাগরিক তাদের দেশের রাজনৈতিক কারণে টিকতে না পেরে বাংলাদেশে ঢুকে পড়লে স্থানীয় লোকজন তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেন।
 
দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাকিন আলী বলেন, ‘সকাল ১০টায় আমাকে দীঘলটারী ক্যাম্পে ডাকা হয় এবং সেখানে জানতে পেরেছি আটক নারীর দাবি, তিনি ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেছিলেন। অন্যদিকে আটক দুই পুরুষের দাবি, প্রায় সাড়ে চার বছর আগে পঞ্চায়েত নির্বাচনে তাদের এলাকায় মারামারির ঘটনা ঘটেছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর তারা ভীতির মধ্যে ছিলেন। বর্তমান ক্ষমতাসীন দলের সদস্য ও পুলিশের ধাওয়া খেয়ে জীবনের নিরাপত্তায় তারা বাংলাদেশে প্রবেশ করেন।’
 
পরে এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় সীমান্ত পিলার ৯২৬-এর কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিজিবি/দিঘলটারী বিওপির জেসিও-১০৭২৭ নায়েব সুবেদার সনাতন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৩/দরিবাস বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসআই মানজিৎ সিং। বৈঠক শেষে বিজিবি আটক তিন ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
 
সার্বিক বিষয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘এক নারী এবং দুজন পুরুষ ভুল করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। আমরা তাদের আটক করার পর বিএসএফকে বিষয়টি জানাই। বিএসএফ তাদের ভারতীয় নাগরিক হিসেবে স্বীকার করে। এরপর আমরা পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছি।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।