অতিবৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর ভেঙে পড়ল গাছ, ২ ঘণ্টা বন্ধ সড়ক যোগাযোগ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০১:৩৮:২৭ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০১:৩৮:২৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭০ বার পঠিত
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে একটি গাছ ভেঙে অ্যাম্বুলেন্সের ওপর পড়ে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত প্রায় ৩টার দিকে উপজেলার ইছাপুরা এলাকায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর গাছটি ভেঙে পড়ে। এতে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে গাছটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কোনো ব্যক্তি ছিলেন না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও আশপাশের বৈদ্যুতিক লাইনের ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।