রাত ১০টার পর অবরোধ মুক্ত শাহবাগ: কর্মসূচি স্থগিত ইনকিলাব মঞ্চের!
- আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৩:১৪:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৩:১৪:৫১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৮ বার পঠিত
ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগে কয়েক ঘণ্টা ধরে চলা ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের আহ্বান এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আন্দোলনকারীরা এই সিদ্ধান্ত নেন। কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে তারা শাহবাগ মোড় ত্যাগ করার পরপরই গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সব দিকের সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ বিবেচনায় আপাতত কর্মসূচি স্থগিত রাখা হলেও দাবি আদায়ে ভবিষ্যতে আরও সুসংগঠিত কর্মসূচি দেওয়া হবে। এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধা ও লাঠিচার্জের মুখে পড়ে। পরিস্থিতির অবনতি হলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
মূলত শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এদিন কয়েক দফায় উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে পদযাত্রার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের আটকে দেয়, যা পরবর্তীতে পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। ওই সংঘর্ষে রাকসু জিএস আম্মার এবং ডাকসু নেত্রী জুমাসহ বেশ কয়েকজন আহত হন। দিনভর উত্তেজনা শেষে ডাকসু নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।