ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১০০৭
- আপলোড সময় : ১৭-১১-২০২৫ ১০:০৩:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৫ ১০:০৩:১৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৫ বার পঠিত
সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০০৭ জন রোগী। সোমবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দৈনন্দিন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৩৯ জনে।
এর আগের দিন রোববার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক দিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু এবং ১,১৩৯ জনের হাসপাতাল ভর্তির তথ্য পাওয়া যায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত সময়টিতে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তি বাড়ার প্রবণতা অব্যাহত ছিল।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন, এবং মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১,৭০৫ জনের, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ওই বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, আক্রান্তের পরিসংখ্যান ও মৃত্যুহার কমাতে নিয়মিত উৎস নিয়ন্ত্রণ, জনসচেতনতা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।