বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, বন্ধ মোবাইল ফোন
মঙ্গলবার অফিস শেষে বাসায় ফেরেননি শেখ ফারহান নাদীম। বন্ধ রয়েছে তার মোবাইল ফোন, খোঁজ নিচ্ছে আদালত কর্তৃপক্ষ।
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৪:০৫:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৪:০৫:৪৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৯ বার পঠিত
ছবি সংগৃহিত
বরিশালে শেখ ফারহান নাদীম নামে এক বিচারক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) অফিস শেষে বাসায় না ফেরার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বুধবার (১৮ নভেম্বর) কর্মস্থলেও অনুপস্থিত ছিলেন তিনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে তার সন্ধানে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আদালত কর্তৃপক্ষ।
শেখ ফারহান নাদীম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হাসান জানান, মঙ্গলবার অফিস করার পর তিনি আর বাসায় ফেরেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবারও আদালতে উপস্থিত হননি তিনি।
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টার এলাকায় বিচারকের উপস্থিতির তথ্য পাওয়া যায়। এরপর থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে। বিকেল ৫টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় মাস্ক পরা অবস্থায় তাকে রিকশায় যেতে দেখা গেছে বলেও জানিয়েছে সূত্রটি।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি আবুল কালাম আজাদ জানান, বুধবার বিচারক আদালতে না আসায় খোঁজ নিতে গিয়ে তার নিখোঁজ থাকার বিষয়টি জানতে পারেন তারা। আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ বলেন, মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে শুনেছেন এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।