মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা ৬ বোমাসদৃশ বস্তু উদ্ধার
গাংনীর তেঁতুলবাড়িয়া গ্রামের পৃথক দুই স্থান থেকে লাল টেপে মোড়ানো বস্তুগুলো উদ্ধার, এলাকায় আতঙ্ক
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০২:৪৪:৫৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০২:৪৪:৫৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ও সকালে তেঁতুলবাড়িয়া গ্রামের চেয়ারম্যানপাড়া এলাকা থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যানপাড়া এলাকায় হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে এবং বটতলা বাজারসংলগ্ন একটি সেতুর ওপর লাল টেপে মোড়ানো বস্তুগুলো পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে সকাল ৭টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ছয়টি বস্তু উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বস্তু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রামের পৃথক দুটি স্থান থেকে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো নিষ্ক্রিয় করার জন্য থানার চত্বরে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
একই গ্রামের দুটি পৃথক স্থান থেকে এসব বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।