৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া; টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৪:১৩:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৪:১৩:৫৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও আশপাশের কয়েকটি এলাকায় শ্রমিকদের অবস্থানের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়ে অবরোধ শুরু করেন। এতে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে। ফলে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
অবরোধ তুলে নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানান, সকালে ভোগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক অবরোধ করেন।
তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।