যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামাস কমান্ডারদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা
রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে হামাস।
- আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১১:২১:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১১:২১:৪৫ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৪ বার পঠিত
ছবি সংগৃহীত
হামাসের দাবি, ইসরায়েলি হামলায় সংগঠনটির রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন। এর আগে নাসের মেডিকেল কমপ্লেক্সে চালানো হামলায় এক চিকিৎসক ও এক শিশুসহ ছয়জন নিহত হন।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় হামাসের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামাস নিশ্চিত করেছে, সংগঠনটির রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন।
সামির আবু ইউনিস ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত নাইল আবু ওবেইদ, যিনি ‘আবু আতিয়া’ নামে পরিচিত ছিলেন, তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন।
এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায়। ইসরায়েলের দাবি, হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া কয়েকজন যোদ্ধাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এতে একজন শল্যচিকিৎসক ও এক শিশুসহ ছয়জন নিহত হন।
হামাস এ হামলার নিন্দা জানিয়ে একে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটির ভাষ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত একটি বেসামরিক চিকিৎসাকেন্দ্রে হামলার ঘটনাকে আড়াল করতেই হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার দাবি তুলেছে ইসরায়েল।
এর আগে এক বিবৃতিতে হামাস মধ্যস্থতাকারী ও মার্কিন প্রশাসনের প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। সংগঠনটি বলেছে, ইসরায়েলি বাহিনীর চলমান লঙ্ঘন বন্ধ করা এবং যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।