ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ার ৭ কারণ
অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, পেটের মেদ ও শারীরিক পরিশ্রমের অভাবে বাড়ছে বিপাকীয় রোগের ঝুঁকি; সচেতনতায় গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
- আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১০:১২:১৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:১২:১৪ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫ বার পঠিত
ছবি সংগৃহিত
ডায়াবেটিসের সঙ্গে উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের সমস্যা থাকলে হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। রক্তে অতিরিক্ত চর্বি জমে ধমনিতে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। এর ফলে কিডনি, চোখ ও পায়ের রক্তনালিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে থাইরয়েড হরমোনের ঘাটতি কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে।
বিশেষজ্ঞের মতে, পেটের অতিরিক্ত মেদ এসব বিপাকীয় রোগের অন্যতম ঝুঁকির কারণ। তাই শুধু শরীরের ওজন নয়, কোমরের মাপের দিকেও নজর রাখা জরুরি। দক্ষিণ এশীয় পুরুষদের কোমরের মাপ ৯০ সেন্টিমিটার এবং নারীদের ৮০ সেন্টিমিটারের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়।
ধূমপান ও অতিরিক্ত মদ্যপানও এসব রোগের ঝুঁকি বাড়ায়। ধূমপান রক্তনালির ক্ষতি করে এবং হৃদ্রোগের আশঙ্কা তৈরি করে। অন্যদিকে অতিরিক্ত মদ্যপান রক্তচাপ, ট্রাইগ্লিসারাইড ও লিভারের সমস্যা বাড়াতে পারে।
এসব রোগের ক্ষেত্রে সবসময় শুরুতে স্পষ্ট উপসর্গ দেখা যায় না। তাই নিয়মিত রক্তে শর্করা, রক্তচাপ, কোলেস্টেরল ও থাইরয়েড পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে ডায়াবেটিস শনাক্তে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফাস্টিং ব্লাড সুগার, খাবারের পর রক্তে শর্করা ও এইচবিএ১সি পরীক্ষা করা হয়।
ঝুঁকি কমাতে অতিরিক্ত ভাত, মিষ্টি, ভাজাপোড়া, ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খাবারের তালিকায় শাকসবজি, মৌসুমি ফল, ডাল, মাছ, ডিম ও পরিমিত প্রোটিন রাখা উচিত। পাশাপাশি অতিরিক্ত লবণ গ্রহণ বন্ধ করে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম করা জরুরি।
বিশেষজ্ঞদের পরামর্শ, বয়স কম হলেও এসব রোগের ঝুঁকিকে অবহেলা করা উচিত নয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে এসব রোগের ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।