কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক
কুমিল্লার ১৮টি থানায় পুলিশের বিশেষ অভিযান, আট শতাধিক ব্যক্তিকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:০২:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:০৩:২০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৭ বার পঠিত
ছবি— সংগৃহীত
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরও ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় পরিচালিত এ অভিযানের মধ্য দিয়ে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৯ জনে। সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫
পুলিশ জানায়, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোরদের উৎপাত ও অপরাধপ্রবণতা মোকাবিলায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে যুক্ত ছিলেন।
জেলা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই করা হচ্ছে। যাচাই বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বলেন, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া থেকে বিরত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লার ১৮টি থানায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলমান অভিযানে আটক ২ হাজার ৬৪৯ জনের মধ্যে আট শতাধিক ব্যক্তিকে বিভিন্ন অপরাধে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।