ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগাভাগি নিয়ে রসিকতা করে যা বললেন নাভি পিল্লে
নোবেল শান্তি পুরস্কার পাওয়ার খবর শুনে উচ্ছ্বসিত সহকর্মীদের সামনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নিয়ে মজা করেন দক্ষিণ আফ্রিকার এই আইনজ্ঞ।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৯:৪৫:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৯:৪৫:৪৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১১ বার পঠিত
ছবি: সংগৃহীত
এ বছরের নোবেল শান্তি পুরস্কারজয়ী দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ নাভি পিল্লে রসিকতা করে বলেছেন, উপস্থিত ব্যক্তিরা আরও কিছুক্ষণ করতালি দিলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগ করে নিতে পারেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩
পুরস্কার পাওয়ার ঘোষণা আসার পর জার্মানির নুরেমবার্গে একটি সম্মেলনে পিল্লেকে করতালি দিয়ে অভিনন্দন জানান উপস্থিত ব্যক্তিরা। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।
ভিডিওতে পিল্লেকে বলতে শোনা যায়, ‘আপনারা যদি আরও একটু করতালি দেন, তাহলে আমি ট্রাম্পের সঙ্গে এই পুরস্কার ভাগ করে নিতে পারি।’
পুরস্কার পাওয়ার খবর শুনে তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল, এটি নিশ্চয়ই কোনো কৌতুক। ৮৫ বছর বয়সী পিল্লে বলেন, ‘আইনজীবী ও বিচারক হিসেবে আমি এখনো বিষয়টি যাচাই করতে চাই।’ খবরটি সত্য কি না, তা নিশ্চিত হতে চেয়েছিলেন তিনি।
জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান হিসেবে নিজের কাজের কথাও উল্লেখ করেন পিল্লে। কমিশনটি জাতিসংঘের পক্ষে বক্তব্য দেয় না। গত বছর কমিশন গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে বলে সিদ্ধান্তে পৌঁছেছিল।
পিল্লে বলেন, ‘আমি সর্বশেষ গাজা নিয়ে প্রতিবেদন দিয়েছি, সেখানে যা ঘটছে, তাকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছি।’ ওই প্রতিবেদনের পর তাঁকে সাহসের জন্য শ্রদ্ধা জানানোর ঘটনা তাঁকে বিস্মিত করেছে বলেও জানান তিনি। তাঁর প্রশ্ন, ‘সত্য বলার জন্য সাহসের প্রয়োজন হবে কেন?’
নোবেল শান্তি পুরস্কারের সঙ্গে দেওয়া হয় একটি স্বর্ণপদক, সনদ ও ১২ লাখ ডলারের অর্থমূল্য। আগামী ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে আনুষ্ঠানিকভাবে পিল্লের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।