বিমানের বহরে যুক্ত হবে নতুন ১০ উড়োজাহাজ, এয়ারবাসের সঙ্গে চুক্তি
এয়ারবাসকে ২০৩০ সালের মধ্যে অন্তত একটি উড়োজাহাজ সরবরাহের অনুরোধ
- আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৯:২২:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৯:২২:৩০ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৩ বার পঠিত
ছবি সংগৃহীত
ফ্রান্সভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন করে ১০টি উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ভবিষ্যতে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পথ আরও এগিয়ে গেল।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, শুধু উড়োজাহাজের সংখ্যা বাড়ালেই হবে না। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যাত্রীসেবার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে নতুন উড়োজাহাজের পাশাপাশি দক্ষ ব্যবস্থাপনা ও উন্নত সেবার ওপরও গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি।
মন্ত্রী চুক্তি অনুযায়ী দ্রুত উড়োজাহাজ সরবরাহের জন্য এয়ারবাস কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ জানান। তিনি ২০৩০ সালের মধ্যে অন্তত একটি উড়োজাহাজ সরবরাহের বিষয়টি দ্রুত নিশ্চিত করার আহ্বান জানান।
এর আগে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছিল। এবার এয়ারবাসের সঙ্গে নতুন করে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হওয়ায় ভবিষ্যতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে বিমান পরিচালনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যাত্রীসেবার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।