ইসলামি বই কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং একজন মানুষের চিন্তা, চরিত্র ও জীবনধারাকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ উপকরণ। কুরআন, হাদিস, আকিদা, ফিকহ, তাযকিয়া এবং ইসলামের ইতিহাসভিত্তিক বই পাঠের মাধ্যমে একজন মুসলিম নিজের দ্বীন সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারেন। পাশাপাশি ইসলামি বই মানুষকে নৈতিক মূল্যবোধ, আল্লাহভীতি, আত্মশুদ্ধি এবং সমাজের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে তোলে। বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে ইসলামি বই জ্ঞানচর্চার একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ব্যক্তি ও সমাজকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মুকাররম প্রাঙ্গণে চলমান রয়েছে ইসলামি বইমেলা। এবারের বই মেলায় রয়েছে ইসলামিক অনলাইন মাদরাসা (IOM)-এর স্টল। বিভিন্ন ইসলামী বই, বিশেষ আয়োজন এবং উপহারের মাধ্যমে স্টলটি নানা কার্যক্রম পালন করছে।
মেলায় IOM-এর স্টল নম্বর ৩৫। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টলটিতে জুবায়ের উস্তাদ, মারছুছ উস্তাদ এর লিখিত বই সহ বিভিন্ন গ্রন্থ পাওয়া যাচ্ছে। বইমেলায় ইসলামী জ্ঞানচর্চায় আগ্রহী পাঠকদের জন্য এক জায়গায় নানা ধরনের বই সংগ্রহের সুযোগ তৈরি হয়েছে।
বিশেষ আকর্ষণ হিসেবে স্টলে আগত দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে উপহারের ব্যবস্থা। বই ক্রয় করুক বা না করুক, দর্শনার্থীরা উপহার সংগ্রহের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি IOM-এর আলিম প্রিপারেটরি কোর্সের শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ উপহারের আয়োজন।
এ ছাড়া অমুসলিমদের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পবিত্র কুরআনের কিছু সূরার বাংলা অনুবাদ বিনামূল্যে সংগ্রহ করা যাবে, এমন উদ্যোগও নেওয়া হয়েছে। ফলে স্টলটি শুধু বই বিক্রয় কেন্দ্র হিসেবেই নয়, দাওয়াহভিত্তিক একটি কার্যক্রমের অংশ হিসেবেও ভূমিকা রাখছে।
মেলায় প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী অংশ নিচ্ছেন। পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে অনেকেই বিভিন্ন প্রকাশনার স্টল ঘুরে দেখার পাশাপাশি IOM-এর স্টলেও ভিড় করছেন। বইপ্রেমীদের জন্য এটি ইসলামী বই সংগ্রহ ও নতুন প্রকাশনার সঙ্গে পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে পছন্দের বই এর তালিকা তৈরি ও মেলায় আসার জন্য বলা হয়েছে। পাশাপাশি রয়েছে আইওএম এর স্টলে ঘুরে যাওয়ার আমন্ত্রণ।