টাঙ্গাইলের কালিহাতীতে রাজীব হোসেন (৩০) নামে এক ট্রাকচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছিনতাইকারীদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় মিন্টু ও ফারুক নামে দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকায় শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাজীব লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে। আটক মিন্টু কালিহাতীর এলেঙ্গা উত্তরপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে। ফারুকও একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন রাজীব। পথে এলেঙ্গা এলাকায় মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নামেন তিনি। এ সময় ৪ থেকে ৫ জনের একটি দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
রাজীবের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া করে মিন্টু ও ফারুককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে ঘটনাস্থলেই রাজীবের মৃত্যু হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনেও পুলিশ কাজ করছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।