বিশ্ব প্রাণী দিবস আজ। রোববার (৪ অক্টোবর) বিশ্বের বিভিন্ন দেশে প্রাণীর অধিকার, কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করার দাবিতে দিবসটি পালিত হচ্ছে। তবে এদিন দেশের সবচেয়ে বড় গাজীপুর সাফারি পার্কে একের পর এক প্রাণীর মৃত্যু, চুরি-পাচার এবং অনুপযুক্ত পরিবেশে প্রাণী রাখার অভিযোগ সামনে এসেছে।
পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহী মারা যায়। এর আগে একটি হাতিও মারা যায়। গত ৬ ও ৭ আগস্ট আরও দুটি হাতির মৃত্যু হয়েছে। পার্ক প্রতিষ্ঠার সময় আনা ১২টি জিরাফও একে একে মারা গেছে। ২০২৫ সালে সর্বশেষ জিরাফটির মৃত্যুর পর পার্কটি জিরাফশূন্য হয়ে পড়ে। তিনটি ক্যাঙ্গারুও মারা গেছে।
প্রাণী চুরি ও পাচারের ঘটনাও ঘটেছে পার্কটিতে। ২০২৪ সালের নভেম্বরে দুটি গ্রিন উইং ম্যাকাও চুরি হয়। ২০২৫ সালের জানুয়ারিতে একটি নীলগাই নিখোঁজ এবং মার্চে তিনটি রিং-টেইলড লেমুর চুরি হয়। তদন্তে সিআইডি জানায়, লেমুরগুলো ভারতে পাচার করা হয়েছে। এসব ঘটনার পর দুর্লভ প্রাণীর ডিএনএ প্রোফাইলিং ও মাইক্রোচিপ বসানোর উদ্যোগ নিয়েছে বন বিভাগ।
এদিকে পাচারের সময় উদ্ধার করা দুটি লেপার্ডকে তিন সপ্তাহের কোয়ারেন্টাইনে রাখার কথা থাকলেও প্রায় নয় বছর ধরে সংকীর্ণ আবাসনে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া কোয়ারেন্টাইন এলাকায় থাকা ১৩টি ভালুকের পর্যাপ্ত জায়গা ও প্রাকৃতিক পরিবেশ না থাকার অভিযোগও করেছে প্রাণী কল্যাণ সংগঠন।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, কম জনবল নিয়ে এত বড় পার্ক পরিচালনা করা কঠিন। লেপার্ড দুটির জন্য আধা প্রাকৃতিক আবাসন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তারাও জানিয়েছেন, পার্কের বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠতে কাজ চলছে।
সূত্র: সমকাল
বিশ্ব প্রাণী দিবসে গাজীপুর সাফারি পার্কের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
একের পর এক প্রাণীর মৃত্যু, চুরি-পাচার ও অনুপযুক্ত পরিবেশে রাখার অভিযোগে উদ্বেগ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১০:৪৪:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১০:৪৪:২৫ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৭ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর