জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে উইন্টার-২০২৭ সেশনের ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এক বছর মেয়াদি এই প্রোগ্রামের ক্লাস শুধু সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত হবে।
প্রোগ্রামটিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কোর্স ফির ওপর ২০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হবে। কর্মজীবীদের কথা বিবেচনায় রেখে সাপ্তাহিক ছুটির দিনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
ভর্তির জন্য রসায়ন, ফলিত রসায়ন, রাসায়নিক প্রযুক্তি, প্রাণরসায়ন, পরিবেশ রসায়ন, শিল্প রসায়ন, লেদার, টেক্সটাইল টেকনোলজি অথবা রসায়নসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ পদ্ধতিতে ৪.০০-এর মধ্যে কমপক্ষে ২.২৫ পাওয়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সরাসরি আবেদন করলে ফি দিতে হবে ১ হাজার ৫০০ টাকা। আর অনলাইনে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৩০ টাকা।
আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। পাশাপাশি দুই কপি রঙিন ছবিও প্রয়োজন হবে।