গভীর নিম্নচাপ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ার পর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলসংলগ্ন এলাকায় থাকা গভীর নিম্নচাপটি কিয়াইকতোর কাছ দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় এটি মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্বমধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল।
নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর, পূর্বমধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।