বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-জলবায়ুতে কাজ করবে ইইউ
বাণিজ্য, সুশাসন, জলবায়ু ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আশ্বাস
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৭:৪৩:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৭:৪৩:২৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৫ বার পঠিত
ছবি সংগৃহিত
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, সুশাসন, জলবায়ু কার্যক্রম ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারা এ অঙ্গীকার করেন।
সাক্ষাতে রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বাংলাদেশ, ইউরোপীয় দেশ ও ইইউর মধ্যে সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক উত্তরণে ইইউ ও সদস্য দেশগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর অনুরোধ করেন।
অভিবাসন বিষয়ে রাষ্ট্রপতি অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দক্ষ জনশক্তির জন্য বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং আরও ইইউ সদস্য দেশকে ট্যালেন্ট পার্টনারশিপ উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রদূতরা বাংলাদেশের সাংবিধানিক, বিচার বিভাগীয় ও অন্যান্য সংস্কার উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান। রোহিঙ্গা সংকট নিয়ে রাষ্ট্রপতি কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ইইউর মানবিক সহায়তা বাড়ানোর পাশাপাশি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও ভূমিকা রাখার আহ্বান জানান। রাষ্ট্রদূতরা এ বিষয়ে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাতে ইইউ প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলারসহ ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর