সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলে হুতিদের ছোড়া একটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। এতে দুজন আহত হওয়ার পাশাপাশি কয়েকটি ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক সুরক্ষা বিভাগ। তবে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা দাবি করেছে, তারা সৌদির নাজরান প্রদেশের শারুরাহ এলাকায় একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলাটি চালিয়েছে।
সৌদি বেসামরিক সুরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার জাজান অঞ্চলের আল তুওয়াল গভর্নরেটে অজ্ঞাত বস্তুটি আঘাত হানে। ঘটনাটির পর জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভাগের মুখপাত্র।
সৌদি কর্মকর্তা বলেন, বেসামরিক স্থাপনায় যেকোনো ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তবে হামলায় ব্যবহৃত বস্তুটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুতিদের হামলার ঘটনা বেড়েছে। গত মঙ্গলবার আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছিল হুতিরা। ওই ঘটনায় নারী ও শিশুসহ ৭৩ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতে সৌদি আরব ইয়েমেন সরকারের পক্ষে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। জাতিসংঘের মধ্যস্থতায় করা একটি চুক্তির পর কয়েক বছর পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকলেও গত জুলাই থেকে সংঘাত আবারও তীব্র হয়েছে। সৌদি ভূখণ্ডে সাম্প্রতিক হামলাগুলো সেই উত্তেজনা বাড়ারই ইঙ্গিত দিচ্ছে।
গত শুক্রবার হুতিরা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। এর আগে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলের কথাও জানায় তারা। পাশাপাশি হরমুজ প্রণালির বিকল্প গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব আল মানদেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।
অন্যদিকে ইয়েমেনের সরকারি বাহিনী আল জাওফ, মারিব ও আল বায়দা এলাকায় হুতিদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে পাঁচ শতাধিক মানুষ নিহত এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
চলমান পরিস্থিতি নিয়ে চলতি মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে জাতিসংঘের ইয়েমেনবিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সতর্ক করে বলেছেন, দেশটির সংঘাত নতুন ও আরও বিপজ্জনক পর্যায়ের দিকে এগোচ্ছে।