হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১১ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এদিকে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু এবং ৭৯০ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে হাম ও ডেঙ্গু দুই রোগেই দেশে উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১২ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া তিন শিশুর বাড়ি চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকায়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৬৭। এ ছাড়া হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭১ শিশু। এর মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজন পুরুষ ও একজন নারী। মৃতদের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার এবং অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৯০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ২৪৯ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশন বহির্ভূত এলাকায়। চট্টগ্রাম বিভাগে ১৯৬, ময়মনসিংহে ৭৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১, খুলনায় ৬০, রংপুরে ৩৮, রাজশাহীতে ৩৩ এবং বরিশালে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৫ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক ৩ শতাংশ নারী।