দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, নতুন রোগী ১৫১২
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৮ জনে
- আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৭:৩৩:১৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৭:৩৩:১৮ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৮ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ২৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া এই সময়ে ঢাকা বিভাগে ২৫০ জন, বরিশাল বিভাগে ২৩১ জন, খুলনা বিভাগে ২০৬ জন, রাজশাহী বিভাগে ১৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৪৪ জন এবং সিলেট বিভাগে আটজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, মারা গেছেন ১৭৯ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন, বরিশাল বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত আগস্টে সারা দেশে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বরে প্রাণ হারান ১৪৮ জন। আর অক্টোবরের প্রথম ২২ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১২৩ জন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।