ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

তৃতীয় অধিবেশনে কমিটি গঠন, অগ্রাধিকার পাবে ৬ গুরুত্বপূর্ণ বিল

সংসদীয় কমিটি দ্রুত গঠনের উদ্যোগ, সংবিধান সংশোধন ও গুরুত্বপূর্ণ আইন নিয়ে অধিবেশনে আলোচনা হতে পারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৩:২১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৩:২১:০৩ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৯৮ বার পঠিত
তৃতীয় অধিবেশনে কমিটি গঠন, অগ্রাধিকার পাবে ৬ গুরুত্বপূর্ণ বিল ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে। সংক্ষিপ্ত এই অধিবেশন ৫, ৭ বা ১০ দিন চলতে পারে; তবে প্রয়োজন অনুযায়ী সময় বাড়ানোর সুযোগ থাকবে।
 

বুধবার (২৬ আগস্ট) সংসদ ভবনে সংসদীয় কমিটি, বিরোধী দলের ভূমিকা, সংবিধান সংশোধন এবং আসন্ন গুরুত্বপূর্ণ বিল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চিফ হুইপ এসব তথ্য জানান।
 

তিনি বলেন, তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষাসহ কয়েকটি বিষয়ে প্রস্তাবিত আইন রয়েছে।
 

সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত প্রস্তাবিত আইনের বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, বাবা-মা সন্তানদের নামে সম্পত্তি লিখে দিলেও তারা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার ধরে রাখবেন। সন্তানদের মাধ্যমে সম্পত্তি পাওয়ার পর বাবা-মায়ের প্রতি অবহেলা ঠেকাতেই এ ধরনের বিধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
 

জুলাই সনদ ও সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, জুলাই সনদের ধারাবাহিকতায় জনগণ নির্বাচনি ইশতেহার বিবেচনা করে ভোট দিয়েছেন এবং সরকারের ওপর আস্থা রেখেছেন। দেশের স্বার্থে প্রয়োজন হলে নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনে সংশোধন আনা হবে।
 

তার ভাষ্য, সংবিধানের কোনো কমা, দাঁড়ি বা সেমিকোলনের পরিবর্তনও সংবিধান সংস্কারের অংশ হতে পারে। জুলাই সনদে দক্ষিণ প্লাজায় বিভিন্ন রাজনৈতিক দলের সম্মিলিতভাবে করা অঙ্গীকারের প্রতিটি বিষয় বাস্তবায়নের লক্ষ্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
 

চিফ হুইপ জানান, সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। এতে বিএনপি থেকে সাতজন এবং জামায়াত থেকে পাঁচজন সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ছোট দল থেকেও একজন করে সদস্য রাখার পরিকল্পনা রয়েছে। বিরোধী দল তাদের প্রতিনিধিদের নাম দিলে তাদেরও সংশ্লিষ্ট কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
 

সংবিধান সংশোধনকে গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি ভারতের সংবিধান গত ৭৬ বছরে ১০৬ বার সংশোধনের উদাহরণ তুলে ধরেন।
 

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়েও কথা বলেন চিফ হুইপ। তিনি বলেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরা, জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় পরিবর্তনের দাবি জানানো বিরোধী দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংসদের বাইরে অস্থিরতা তৈরির পরিবর্তে জনগণের সমস্যা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে তুলে ধরে আলোচনা ও বিতর্কের মাধ্যমে সমাধানের পথ খোঁজার প্রত্যাশা করেন তিনি।
 

নূরুল ইসলাম মনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন, জেল, গুম ও নির্যাতনের মধ্য দিয়ে যে অর্জন এসেছে, তা নষ্ট হওয়ার সুযোগ তৈরি করা উচিত নয়। তাঁর প্রত্যাশা, বিরোধী দল সংসদে এসে জনগণের কথা বলবে, সরকারের ভুল ধরিয়ে দেবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধানের পথ বের করবে।
 

তৃতীয় অধিবেশনের মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করে চিফ হুইপ বলেন, গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধি এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় সংসদের ভূমিকা আরও কার্যকর হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।