জামালপুরে পাঁচ দফা দাবিতে কাজিদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
অধিক্ষেত্র বহাল, স্বচ্ছ নিয়োগ ও পেশাগত নিরাপত্তাসহ পাঁচ দফা দাবি কাজিদের।
- আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১১:৪৩:১৬ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫ বার পঠিত
নিকাহ রেজিস্ট্রারদের (কাজি) বর্তমান কর্মএলাকা ও অধিক্ষেত্র বহাল রাখাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বানে জামালপুরে কলম বিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।
সকালে মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। পরে একটি মিছিল নিয়ে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে যান এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের নির্ধারিত কর্মএলাকা ও অধিক্ষেত্র বহাল রাখা তাঁদের অন্যতম প্রধান দাবি। বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে একটি ইউনিয়ন বা ওয়ার্ডে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব তাঁদের পেশাগত জীবনে অনিশ্চয়তা তৈরি করবে। এতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা কাজিদের জীবিকা, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
তাঁরা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে অভিজ্ঞতা, যোগ্যতা এবং পেশাগত ধারাবাহিকতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। দীর্ঘদিনের প্রচলিত কর্মএলাকা পরিবর্তন কিংবা একই এলাকায় একাধিক রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ নেওয়ার আগে সংশ্লিষ্টদের স্বার্থ ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া জরুরি।
কর্মসূচিতে নিকাহ রেজিস্ট্রারদের পাঁচ দফা দাবির মধ্যে আরও তুলে ধরা হয়, কোনো নিকাহ রেজিস্ট্রার মারা গেলে বা অবসরে গেলে তাঁর যোগ্য পুত্রকে সরাসরি নিয়োগ দিতে হবে। নতুন নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর ধর্মীয় শিক্ষাগত যোগ্যতা এবং ইসলামী শরিয়াহ সম্পর্কে জ্ঞানকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এ ছাড়া নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়সসীমা ৭৫ বছর নির্ধারণ এবং বিবাহ ও তালাক নিবন্ধন ফিসহ আনুষঙ্গিক ফি যৌক্তিক হারে বৃদ্ধি করার দাবি জানানো হয়।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি কাজী হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান, সদর থানার সভাপতি গোলাম রব্বানী এবং সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, তাঁরা সরকারের সঙ্গে কোনো ধরনের সংঘাতে যেতে চান না। বরং আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের সমস্যাগুলোর ন্যায়সংগত ও স্থায়ী সমাধান প্রত্যাশা করেন। তাঁদের মতে, নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জীবিকার নিরাপত্তা নিশ্চিত করেই বিদ্যমান সমস্যার সমাধান করা প্রয়োজন।
নেতারা আরও বলেন, তাঁদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া জরুরি। এ জন্য তাঁরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশসহ পরবর্তী কর্মসূচি পালনের ঘোষণাও দেন নেতারা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।