বগুড়ায় যানজট নিরসনে স্বেচ্ছাসেবী নিয়োগ, হকার উচ্ছেদে লুকোচুরি
বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে সাতমাথায় স্বেচ্ছাসেবীদের তৎপরতা শুরু হলেও অবৈধ দোকান ও অটোরিকশার চাপে কাটছে না যানজট।
- আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৯:৩০:০১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৯:৩০:০১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৯১ বার পঠিত
ছবি : প্রতিনিধি
বগুড়া মহানগরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বগুড়া সিটি করপোরেশন। শহরের প্রধান কেন্দ্রবিন্দু সাতমাথাসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং ট্রাফিক পুলিশকে সহায়তা করতে একদল স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে স্বেচ্ছাসেবীদের সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ফুটপাত দখলমুক্ত করতে কাজ করতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, সিটি করপোরেশনের এই স্বেচ্ছাসেবীরা ট্রাফিক পুলিশের পাশাপাশি দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছেন। একইসঙ্গে সাতমাথা ও এর আশপাশের সড়কের পাশের ভ্রাম্যমাণ দোকান ও হকার উচ্ছেদে অভিযান চালাচ্ছেন তারা।
তবে ব্যতিক্রমী এই উদ্যোগের পরও মাঠপর্যায়ে আশানুরূপ ফলাফল মিলছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বেচ্ছাসেবীরা সড়কের এক পাশ থেকে হকার ও ভ্রাম্যমাণ দোকান তুলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অন্য পাশে পুনরায় দোকান বসতে শুরু করে। স্বেচ্ছাসেবী ও হকারদের এই লুকোচুরি কার্যক্রমকে স্থানীয়রা ‘সাপ-বেজির খেলা’ হিসেবে অভিহিত করেছেন।
ভুক্তভোগী নগরবাসীর অভিযোগ, ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে দোকান বসানোর কারণে প্রতিদিনই শহরমুখী মানুষকে তীব্র যানজটের কবলে পড়তে হচ্ছে। এর ফলে অফিস-আদালতগামী চাকরিজীবী, শিক্ষার্থী এবং সাধারণ ক্রেতাদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়। এমনকি এই তীব্র যানজটের কারণে অনেক সময় মুমূর্ষু রোগীবাহী অ্যাম্বুলেন্সও সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে পারছে না।
নগরবাসীর মতে, কেবল স্বেচ্ছাসেবী দিয়ে মৌখিকভাবে উচ্ছেদ করে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। ফুটপাত দখলমুক্ত রাখতে অবৈধ দোকানদারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের, আর্থিক জরিমানা এবং মালামাল জব্দ করার মতো কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এ ছাড়া, হকার উচ্ছেদের পাশাপাশি শহরের যত্রতত্র চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকেও কঠোর শৃঙ্খলার মধ্যে আনা না গেলে বগুড়া মহানগরের যানজট নিরসন করা সম্ভব হবে না বলে মনে করছেন সচেতন মহল।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।