১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা
- আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৪:৪৮:০৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৪:৫৫:২৭ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৮ বার পঠিত
ছবি সংগৃহিত
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে আগামী ১৯ নভেম্বর নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৬ নভেম্বর) ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাজহারী ও সাধারণ সম্পাদক সাদ বিন জাকির এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতে সমর্থন এবং নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনার প্রতিবাদ জানাচ্ছে ছাত্র জমিয়ত। সংগঠনটির মতে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সূচিত পরিবর্তনের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশার পরিপন্থি এ ধরনের কর্মসূচি। পাশাপাশি এসব তৎপরতা দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা, আতঙ্ক সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
ছাত্র জমিয়তের নেতারা জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও দমন-পীড়নের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান। তাঁদের মতে, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের ঘাটতি জনমনে হতাশা তৈরি করছে।
বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, উপজেলা ও পৌরসভাসহ সব পর্যায়ের নেতাকর্মীদের ১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যেকোনো অপচেষ্টা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনানুগভাবে প্রতিহত করার কথা বলা হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।