সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন: শফিকুর রহমান
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।
- আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১০:৫৭:২৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১১:০৬:০১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩১ বার পঠিত
ছবি—সংগৃহীত
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। দীর্ঘদিন ধরে এ দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতি অনুসারে নির্বিঘ্নে আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। আসন্ন দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের সবাই পূর্ণ নিরাপত্তার সঙ্গে উৎসব উদযাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দেশের অতীত ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও স্বস্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতা-কর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।