ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতায় জোর, নতুন নির্দেশ প্রধানমন্ত্রীর
আক্রান্তের সংখ্যা বেশি এমন এলাকায় বিশেষ নজরদারি এবং মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা তৈরির উদ্যোগ ডেঙ্গুর সংক্রমণ
- আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৩:৪৬:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৩:৪৬:১০ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের পাড়া-মহল্লায় মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো এবং জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধের বিষয়টি তুলে ধরতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে আয়োজিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সামনের কয়েক মাস ডেঙ্গু মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ সময়। এ পরিস্থিতিতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সংক্রমণ বেশি এমন এলাকাগুলো চিহ্নিত করে সেখানে প্রতিরোধমূলক উদ্যোগ আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণও জরুরি। এ বিবেচনায় স্থানীয় পর্যায়ে নিয়মিত প্রচারণা চালানোর পাশাপাশি ধর্মীয় জমায়েতকে সচেতনতা তৈরির কাজে যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। জুমার খুতবায় মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে মানুষকে সচেতন করার বিষয়টি তুলে ধরার উদ্যোগ নেওয়া হতে পারে।
সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।