সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ, নির্ভরযোগ্য সূত্র অনুসরণের অনুরোধ
- আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৮:৩৩:৫৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৮:৩৩:৫৬ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৬ বার পঠিত
ছবি সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব অপপ্রচারে প্রভাবিত না হতে এবং সেনাবাহিনী সম্পর্কিত যেকোনো তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে। এসব তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।
এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। একই সঙ্গে যাচাই না করা তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নিয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আইএসপিআরের বার্তায় আরও বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যেকোনো তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।