যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার জন্য নতুন করে ৩ হাজার ১৮৫ টনের বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে মিশর। রোববার (৪ অক্টোবর) ভোরে মিশরীয় রেড ক্রিসেন্টের উদ্যোগে একটি ত্রাণবাহী বহর গাজার উদ্দেশে রওনা হয়। এতে হাসপাতালের জন্য জ্বালানি, খাদ্য, চিকিৎসাসামগ্রীসহ গাজাবাসীর জরুরি প্রয়োজনীয় বিভিন্ন পণ্য রয়েছে।
মিশরীয় রেড ক্রিসেন্টের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ‘ফ্রম ইজিপ্ট টু গাজা’ কর্মসূচির আওতায় ‘জাদ আল-ইজ্জা’ উদ্যোগের অংশ হিসেবে এই ত্রাণ পাঠানো হয়েছে। অবরুদ্ধ গাজার মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে মিশরের জাতীয় পর্যায়ের এই উদ্যোগ পরিচালিত হচ্ছে।
গাজায় হাসপাতালগুলোর সংকট আরও তীব্র হয়ে ওঠার সময়েই নতুন এই ত্রাণবহর পাঠাল মিশর। দীর্ঘদিন ধরে জ্বালানি, ওষুধ ও জীবন রক্ষাকারী বিভিন্ন সামগ্রীর সংকটে গাজার স্বাস্থ্যসেবা মারাত্মক চাপে রয়েছে।
গত শুক্রবার (২ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, জ্বালানি, ওষুধ ও জীবন রক্ষাকারী অন্যান্য সামগ্রীর দীর্ঘস্থায়ী সংকটের কারণে গাজার কোনো হাসপাতালই বর্তমানে পুরোপুরি কার্যকর নেই। ফলে হাসপাতালগুলোতে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
ডব্লিউএইচওর প্রতিনিধি রেইনহিল্ডে ভ্যান ডি ভের্ডট জানান, ইসরায়েলের অনুমোদনের অপেক্ষায় থাকা চিকিৎসাসামগ্রী ছাড় পেতে গড়ে ৭৪ দিন সময় লাগছে। এক্স-রে মেশিনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামও প্রায়ই বিলম্বিত হচ্ছে অথবা অনুমোদন পাচ্ছে না বলে জানান তিনি।
এ পরিস্থিতিতে গাজার হাসপাতালগুলো সচল রাখা এবং বেসামরিক মানুষের জরুরি চাহিদা পূরণে জ্বালানি, খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ বাড়ানোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে মানবিক সহায়তা সংস্থাগুলো। মিশরের নতুন ত্রাণবহরে এসব প্রয়োজনীয় সামগ্রী থাকায় তা গাজার সংকট মোকাবিলায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
গাজার জন্য ৩১৮৫ টনের বেশি ত্রাণ পাঠাল মিশর
হাসপাতালের জ্বালানি, খাদ্য ও চিকিৎসাসামগ্রী রয়েছে ত্রাণবহরে
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১০:৪৪:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১০:৪৪:৪১ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১১ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর