৭/৮ বছর আগে ১০ হাজার টাকা ধার নিয়েছিলাম, এখন সে টাকা ফেরত দিতে চাচ্ছি। এখন ১০ হাজার টাকাই দিবো? নাকি বাড়িয়ে দিতে হবে? ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, ঋণগ্রহীতা যত টাকা ঋণ নিয়েছেন, মূলত তত টাকাই ফেরত দেওয়া তাঁর ওপর আবশ্যক। অতএব, ৭–৮ বছর অতিবাহিত হলেও ১০ হাজার টাকা ঋণ নিলে ১০ হাজার টাকাই ফেরত দিতে হবে। সময় অতিবাহিত হওয়ার কারণে অতিরিক্ত কোনো অর্থ প্রদান করা আবশ্যক নয়।
ঋণ দেওয়ার সময় অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার কোনো শর্ত করা হলে কিংবা ঋণদাতার পক্ষ থেকে অতিরিক্ত নেওয়ার প্রত্যাশা বা দাবি থাকলে, তা সুদের অন্তর্ভুক্ত হবে। আর সুদ শরিয়তে সুস্পষ্টভাবে হারাম।
তবে ঋণগ্রহীতা যদি কোনো পূর্বশর্ত, চুক্তি বা প্রচলিত প্রত্যাশা ছাড়াই স্বেচ্ছায় ঋণ পরিশোধের সময় কিছু অতিরিক্ত প্রদান করেন, তাহলে তা জায়েয। বরং এটি উত্তমভাবে ঋণ পরিশোধের অন্তর্ভুক্ত। এর জন্য সে সাওয়াবও লাভ করবে। কারণ হাদীসে ঋণ পরিশোধের ক্ষেত্রে উত্তম আচরণ করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—
إِنَّ خِيَارَ النَّاسِ أَحْسَنُهُمْ قَضَاءً
“নিশ্চয়ই মানুষের মধ্যে উত্তম ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের ক্ষেত্রে উত্তম আচরণ করে।”(সহীহ মুসলিম, ৫/৫৪ )
জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, বানুরি টাউন-এর ফতোয়ায় বলা হয়েছে—
«البتہ اگر کسی پیشگی معاہدہ و شرط کے بغیر قرض دار خود سے قرض کی واپسی کے وقت قرض خواہ کا احسان مانتے ہوئے کچھ زیادہ ادائیگی کردے اور اضافے کے ساتھ ادائیگی کا عرف نہ ہو تو یہ اس کی طرف سے تبرع اور احسان ہوگا۔»
অর্থাৎ, আগে থেকে কোনো চুক্তি বা শর্ত না থাকলে এবং অতিরিক্ত দেওয়ার কোনো প্রচলিত রীতিও না থাকলে ঋণগ্রহীতা নিজ থেকে ঋণ পরিশোধের সময় কিছু অতিরিক্ত দিলে তা তার পক্ষ থেকে স্বেচ্ছামূলক অনুগ্রহ ও সদাচরণ হিসেবে গণ্য হবে।
রেফারেন্স— আস-সুনানুল কুবরা লিল-বায়হাকি, ৫/৭৪, হাদিস নং: ১০৯৩৩। রদ্দুল মুহতার, ৫/১৬৬। জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, আল্লামা মুহাম্মদ ইউসুফ বানুরি টাউন, ফতোয়া নং: 144603102976, ৩০ সেপ্টেম্বর ২০২৪।
والله أعلم بالصواب