আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের পর এ পদক্ষেপ নেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের সহকারী পরিচালক-৩ মো. কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত এক দপ্তরাদেশে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
দপ্তরাদেশে বলা হয়েছে, নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৮২-এর ১৪১ (১) নম্বর বিধির অধীনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ওই বিধি অনুসারে তাকে পিডিবির চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ে। প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটির বিভিন্ন অংশে নুরুল আমিনকে বিভিন্ন প্রকল্পের মালামাল, ঠিকাদারদের বিল এবং আর্থিক লেনদেন নিয়ে কথা বলতে শোনা যায়। ভিডিওর একটি অংশে তাকে বলতে শোনা যায়, ‘আমি ২ কোটি টাকার নিচে নেব না।’ সেখানে ঠিকাদারদের বিল পরিশোধ ও মালামাল সরবরাহ নিয়েও কথোপকথন রয়েছে।
ভিডিওটির আরেক অংশে তাকে বিভিন্ন অঙ্কের অর্থ নিয়ে আলোচনা করতে শোনা যায়। সেখানে একটি বিলের বিপরীতে অর্থ নেওয়া, মালামালের মূল্য এবং অর্থ আত্মসাতের অভিযোগসংক্রান্ত কথোপকথনও রয়েছে। তবে ভিডিওতে থাকা কথোপকথনের সত্যতা বা এর প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওর আরেকটি অংশে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতে দেখা যায়। গোপন ক্যামেরার পেছনে থাকা ব্যক্তিদের মুখ দেখা যায়নি। ওই অংশে অর্থের পরিমাণ নিয়েও কথোপকথন শোনা যায়।
এ বিষয়ে জানতে সোমবার সকালে ও দুপুরে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ভিডিও ছড়িয়ে পড়ার পর সোমবার ভোরে তিনি কার্যালয়ে প্রবেশ করেন। কিছুক্ষণ পর বের হয়ে সরকারি বাসভবনে অবস্থান করেন। পরে আর অফিসকক্ষে ফেরেননি এবং গণমাধ্যমের সঙ্গেও কথা বলেননি। সন্ধ্যায় একটি ব্যক্তিগত গাড়িতে সরকারি বাসভবন থেকে বেরিয়ে যান বলে জানা গেছে।
এদিকে স্থানীয় গ্রাহকদের অভিযোগ, নুরুল আমিনের বিরুদ্ধে মিটার সংযোগ, লাইন নির্মাণ ও সংস্কারকাজসহ বিভিন্ন বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘুষের ভিডিও ছড়িয়ে পড়ায় পিডিবির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত
ভিডিওতে বিল ও মালামাল সরবরাহ নিয়ে আর্থিক লেনদেনের কথোপকথন, তদন্তের আওতায় কর্মকর্তা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৮:২৭:১৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৮:২৭:১৮ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৬ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর