ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

কৌশলগত ‘চিকেনস নেক’ সুরক্ষায় ৪০ কিলোমিটার পাতাল রেল তৈরির পরিকল্পনা ভারতের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০৭:৫০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০৭:৫০:১৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
কৌশলগত ‘চিকেনস নেক’ সুরক্ষায় ৪০ কিলোমিটার পাতাল রেল তৈরির পরিকল্পনা ভারতের সংগৃহীত ছবি
 

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মাঝখানে অবস্থিত ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডোরে ভূগর্ভস্থ রেললাইন নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে ভারত সরকার। উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আরও সুরক্ষিত ও টেকসই করতে এ অঞ্চলে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ পাতাল রেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
 

সোমবার (২ ফেব্রুয়ারি) ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্যের সঙ্গে দেশের অন্যান্য অংশের একমাত্র স্থল যোগাযোগপথ হওয়ায় শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা।
 

এই করিডোরটি ভৌগোলিকভাবে অত্যন্ত সরু—কিছু স্থানে যার প্রস্থ মাত্র ২০ থেকে ২৫ কিলোমিটার। চারপাশে বাংলাদেশ, নেপাল ও ভুটান এবং তুলনামূলকভাবে কাছাকাছি চীনের সীমান্ত থাকায় দীর্ঘদিন ধরেই এলাকাটিকে ভারতের ‘স্ট্র্যাটেজিক ভলনারেবল জোন’ হিসেবে বিবেচনা করা হয়। যুদ্ধ বা বড় কোনো সংকটের সময় এই পথ অবরুদ্ধ হলে উত্তর-পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
 

রেল মন্ত্রণালয়ের বাজেট প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অশ্বিনী বৈষ্ণব জানান, করিডোরের বিদ্যমান রেল অবকাঠামোকে আধুনিক ও বহুমুখী করতে একাধিক স্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বর্তমান দুই লেনের রেলপথকে চার লেনে উন্নীত করা এবং অতিরিক্তভাবে দুটি ভূগর্ভস্থ রেললাইন নির্মাণ।
 

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (এনএফআর) জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানান, প্রস্তাবিত পাতাল রেল অংশটি পশ্চিমবঙ্গের থ্রি মাইল হাট ও রাঙাপানি স্টেশনের মধ্যবর্তী এলাকায় নির্মিত হবে। তাঁর মতে, নিরাপত্তা ও জরুরি পরিবহন নিশ্চিত করতে এই ভূগর্ভস্থ অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
 

রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূগর্ভস্থ লাইনগুলো ভূমি থেকে আনুমানিক ২০ থেকে ২৪ মিটার গভীরে স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে করিডোরজুড়ে মোট ছয়টি রেললাইন থাকবে—চারটি ভূমির ওপর এবং দুটি ভূগর্ভে। এর একটি শাখা পশ্চিমবঙ্গের বাগডোগরা অভিমুখে যাবে, যা ভারতের বিমান প্রতিরক্ষা ও সামরিক অবকাঠামোর দিক থেকেও গুরুত্বপূর্ণ।
 

বিশেষজ্ঞদের মতে, আঞ্চলিক ভূরাজনৈতিক পরিবর্তন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপড়েন এবং সীমান্ত নিরাপত্তা বিবেচনায় রেখে ভারতের এই পরিকল্পনা নেওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে উত্তর-পূর্বাঞ্চলে সেনা চলাচল ও জরুরি সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে—এ ঝুঁকি কমাতেই এই বৃহৎ অবকাঠামো প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।