না জানিয়েই ভারত গেলেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ উচ্চপদস্থ কর্মকর্তা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৩:৩১:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৩:৩১:৩৯ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
বাগেরহাটের রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টে কর্মরত ভারতীয় ৯ জন উচ্চপদস্থ কর্মকর্তা কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই গোপনে বাংলাদেশ ত্যাগ করেছেন। চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে তাদের আকস্মিক প্রস্থানে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে কেন্দ্র কর্তৃপক্ষ। বিষয়টি ইতিমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং সরকারের উচ্চ পর্যায়েও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
শনিবার সকালে ডাইনিং টেবিলে ওই কর্মকর্তাদের অনুপস্থিতি দেখে অনুসন্ধানে নামে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। পরবর্তীতে জানা যায়, তারা কাউকে কিছু না জানিয়েই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন। প্রকল্প পরিচালক রামানাথ পূজারি বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে ওই কর্মকর্তারা ‘নিরাপত্তাহীনতার’ অজুহাত দেখিয়েছেন। তবে বিদ্যুৎকেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় থাকার পরও এমন দাবিকে রহস্যজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— এনটিপিসি থেকে প্রেষণে আসা জিএম সিউজ প্রতিম ভর্মন, জিএম বিশ্বজিৎ মণ্ডল, জিএম এন-সুরায়া প্রকসা রায়, এজিএম কেসাবা পলাকী, ডিজিএম সুরেয়া কান্ত মন্দেকার, ডিজিএম সুরেন্দ্র লম্বা, এজিএম পাপ্পু লাল মিনা, ডিজিএম অর্নিবান সাহা এবং সিএফও ইমানুয়েল পনরাজ দেবরাজ। কর্তৃপক্ষ জানিয়েছে, চলে যাওয়ার আগে তারা কখনোই নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অভিযোগ বা সমস্যার কথা জানাননি।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম সংবাদমাধ্যমকে জানান, কোনো দাপ্তরিক অনুমতি বা তথ্য ছাড়াই তাদের চলে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুজন বোর্ড সদস্য ঘটনাটি নিশ্চিত করলেও বিদ্যুৎ সচিব ও পিডিবি চেয়ারম্যানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্পর্শকাতর এই জাতীয় বিদ্যুৎ প্রকল্পে উচ্চপদস্থ কর্মকর্তাদের এমন রহস্যজনক আচরণ নিয়ে প্রশাসনিক মহলে নানামুখী আলোচনা শুরু হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।